Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম

মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জনকে রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

রমনা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ও আশেপাশে দেড় লাখের বেশি মানুষ সমবেত হয়। সেসময় প্রধান বিচারপতির বাড়ির সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে রমনা থানায় মামলা করেন এসআই সহিদুল ওসমান। তদন্ত শেষে চলতি বছর সবাইকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

শাহবাগ থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলার সময় পল্টন থানার সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পল্টন থানার এসআই সালাহ উদ্দিন কাদেন বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় মির্জা ফখরুলসহ ১০৪ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে সবাইকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন