নিজামী, কামারুজ্জামান, মীর কাসেম ও সালাউদ্দিনকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে এই দেশের সমস্ত শক্তিগুলো, যারা গণতন্ত্রকামী, তারা নির্যাতিত হয়েছে। প্রায় ৬০ লক্ষ গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ ১৭ শ কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের আলেম-ওলামা, জামায়াতে ইসলামীর মাওলানা নিজামী সাহেব (মতিউর রহমান নিজামী), কামারুজ্জামান সাহেব, এই পত্রিকার প্রকাশক মীর কাসেম আলী খান, সালাউদ্দিন সাহেব...তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়।’
আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংস্কার সনদে স্বাক্ষর করা দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই।’
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। তখন সাংবাদিকেরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এমন বাংলাদেশ, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, নয়াদিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম। ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু তবুও তাঁরা ধৈর্য, সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন।

