Logo
Logo
×

রাজনীতি

আরপিও খসড়া পরিবর্তনে চিঠি দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

আরপিও খসড়া পরিবর্তনে চিঠি দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে শিগগিরই সরকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে দলটি। 

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় নির্বাচনি ব্যবস্থা সংস্কার সংক্রান্ত বিষয়গুলোর অনেকগুলোতে আমরা সবাই সম্মত হয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি ও আরপিও’র যে খসড়াটা উত্থাপন করা হয়েছে, এটাতে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে বিএনপির কোনো সম্মতি ছিল না।’

জোটবদ্ধ নির্বাচনে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না বলে দাবি করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এটাতে তাদেরও (রাজনৈতিক দলগুলোর) সম্মতি নেই, আমাদের সম্মতি নেই। এটা নির্বাচন কমিশন থেকে একতরফাভাবে কেন উত্থাপন করা হলো জানি না। আরপিও অধ্যাদেশের খসড়ার ওপরে মতামত চেয়েছিলেন। আমরা মতামত জানিয়েছিলাম।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অধ্যাদেশের জন্য যেসব সংশোধনী এসেছে, তার অধিকাংশের সঙ্গে আমরা একমত। কিন্তু প্রতীকের (নিজস্ব প্রতীকের বাইরে জোটের প্রতীক নিতে পারবে না) এ বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। আমার মনে হয় আমাদের একটা সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এ কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি, আমরা হয়ত আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে।’



Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন