দেশে ফিরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারেক রহমান: আমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার এক আলোচনা সভায় আমান উল্লাহ আমান এ কথা বলেন। ডেমোক্রেটিক লীগের প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলটির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
আমানউল্লাহ আমান বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।’
ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আপনারা দেখবেন, তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সত্য হয়েছে। তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।’
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে আমানউল্লাহ আমান বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না। আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন, এতে সবচেয়ে বেশি দুর্যোগে, দুর্বিপাকে, দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, পাশে ছিল বিএনপি।

