রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ডগ্রেনেডের শব্দ পাওয়া যায়। পানি ছোড়া হয় জলকামান থেকেও।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি। সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে আজ শনিবার ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন। ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

