Logo
Logo
×

রাজনীতি

'প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে'

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

'প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে'

প্রশাসনে একটি বিশেষ দলের লোককে পদায়ন করে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আজ শুক্রবার এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে, কারও চাপে মাথা নত করে, প্রশাসনে কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রতিটি ছোট-বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচন কমিশন প্রদত্ত সব সুযোগ অবাধে সমানভাবে ভোগ করতে পারে। থানার ওসি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল ১৭টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিত, এত দিন তারা টিকতে পারত না, সাজানো-বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মানবতাবিরোধী অপরাধীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কোনো কালো হাতের হস্তক্ষেপে যদি এসব খুনি বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপরে আধিপত্যবাদীদের ও দিল্লির আধিপত্যবাদের আঁশে আমাদের হয়তো বসবাস করতে হতে পারে। সেই কারণে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা ও প্রচেষ্টার প্রতি আস্থা আছে উল্লেখ করে বলেন, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারদিকে যে সমস্ত উপদেষ্টা আছেন, মাঝে মাঝে কোনো দিকে আপনাকে ঠেলে দিয়ে কোনো একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন