Logo
Logo
×

রাজনীতি

এনসিপি নেতার বক্তব্যের জবাবে ফখরুল

ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম

ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?

শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। 

এনসিপি নেতার বক্তব্যের জবাবে  মির্জা ফখরুল বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?

মির্জা ফখরুল আরও বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে। ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে কিছু কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন তাদের অমুক মার্কা দেওয়া না হলে, আমাদের ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে। কাকে কোন মার্কা দেবে—সেটা নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর। সেখানে বিএনপির তো কিছু করার নেই।

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন