Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন ভিন্ন খাতে পরিচালিত করতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম

নির্বাচন ভিন্ন খাতে পরিচালিত করতে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক শিক্ষক দিবস’ উপলক্ষে এই ‘শিক্ষক মহাসমাবেশে’ এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমরা একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমাদের দেশ একটাই, আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ।

বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন