Logo
Logo
×

রাজনীতি

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থি রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে—এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা বলে মন্তব্যে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত। তাই যারা নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা জনগণের কাছে ধরা পড়ে যাবেন।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট বলেন, গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটে তালা ঝুলিয়ে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। গরু-বাছুরকে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে, ভোটারদের যাওয়ার সুযোগ দেননি। দিনের ভোট রাতে হয়েছে। র‍্যাব, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানো হয়েছে।

রিজভী বলেন, এবার নির্বাচন কমিশন এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। এ সরকার নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষ নেবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থি রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে—এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। আমরা প্রত্যক্ষ করছি, জনগণও বুঝতে পারছে। ড. ইউনূসের প্রতি আস্থা রেখে বলবো, এমন ব্যক্তিদের দায়িত্ব দিন যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন।

বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ব্যবহার করে দেশে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। জনগণ নতুন করে আরেকটি ফ্যাসিবাদের শাসন দেখতে চায় না।

জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতিকে একদলীয় দুঃশাসন থেকে মুক্ত করেছিল। এরপর খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর ৫ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান জাতিকে নতুন করে অনুপ্রাণিত করেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন