Logo
Logo
×

রাজনীতি

ষড়যন্ত্র দৃশ্যমান, পেছনে দেশি-বিদেশি শক্তি থাকতে পারে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

ষড়যন্ত্র দৃশ্যমান, পেছনে দেশি-বিদেশি শক্তি থাকতে পারে: সালাহউদ্দিন

বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে দেশি-বিদেশি শক্তি বাধা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সেই ষড়যন্ত্র যে হচ্ছে, সেটি দৃশ্যমান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহল থাকতে পারে, দেশি-বিদেশি শক্তি থাকতে পারে, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এখানে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকম ষড়যন্ত্র করবে, সে দেশেই হোক অথবা বিদেশে—তাদের তারা প্রতিহত করবে।

সালাহউদ্দিন আরও বলেন, ‘পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে।’

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাইও না, করবও না।’

সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে—তাহলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন