জাতিসংঘের সদর দপ্তরের সামনে 'দাঁত ভেঙে' দেওয়া হয়েছে ছাত্রলীগ নেতার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে হৃদয় মিয়া নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে দাঁত ভেঙে দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হৃদয় মিয়া ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী।
এদিকে হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে হৃদয়কে ম্যানহাটানের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি।
হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? এ কথা বলতেই অতর্কিতে আমাকে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে। আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে দিয়ে যায়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম। কথা বলেছি, আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে।
গিয়াস আহমেদ আরও বলেন, ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভন্ডুল করতে এসেছিল। এ জন্য সে বেধড়ক মার খেয়েছে।

