বিএনপিকে আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায় : আমির খসরু
ছবি: সগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়।
তিনি বলেন, আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী দিন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের দেশে রাজনীতিকে গণতন্ত্রয়নের কথা বলি কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রয়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতান্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রয়ন হবে।
তিনি বলেন, তারেক রহমানের স্পোর্টসের প্রতি উনার পরিবারের যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন এই কাজগুলো করছি। সুইমিং, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু। আগামী দিনে স্পোর্টসকে নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, এটা হয়ত অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

