Logo
Logo
×

রাজনীতি

নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

Icon

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত ১টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা করেন তিনি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন এ তথ্য জানান। 

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে, সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।

আখতার মামলায় দুজনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। মামলার অভিযোগে আখতার হোসেন বলেছেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে হামলাকারীরা।

ভিডিও বার্তায় আখতার আরও বলেন, ‘একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যাঁরা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যাঁরা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন। ইউএন-এর (জাতিসংঘ) যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি, আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে, যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা, সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এ কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারাঁ যত ধরনের অপরাধ করেছেন, সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে যান। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন