জামায়াত নেতার নারীঘটিত সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে জামায়াত নেতার ধরা পড়ার সংবাদ প্রকাশ করায় ঝিনাইদহের এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে কালীগঞ্জ উপজেলা শহরের কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। অবস্থা বেগতিক দেখে বিল্লাল হোসেন জুতা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে উত্ত্যম-মধ্যম দেওয়া হয় তাকে। পা জড়িয়ে ধরে মাফ চার। বিষয়টি গোপনীয়ভাবে মীমাংসা হলেও গত মঙ্গলবার জানাজানি হয়।
এ বিষয়ে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার অনলাইনে নিউজ প্রকাশ হলে দৈনিক কালেরকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে থানায় জিডি করেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এর আগে ওই জামায়াত নেতা নয়ন খন্দকারের মোবাইল ফোনে হত্যার হুমকি দেন।
আর জামায়াত নেতার ভাই হাসান আলী নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলীকে কথ্য ভাষায় গালিগালাজ করেন। জামায়াত নেতার ভাইয়ের গালিগালাজের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্ব মহলে নিন্দার ঝড় ওঠে।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলী জানান, তিনি দুপুরের দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা কৃষি অফিসে যান। বের হয়ে আসার সময় জামায়াত নেতার ভাই হাসান আলী তার পথ গতিরোধ করেন। এ সময় তিনি তার কাছে নিউজ করে কি লাভ হয়েছে জানতে চান। এরপর তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জামায়াত নেতার ভাইয়ের গালিগালাজের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্ব মহলে নিন্দার ঝড় ওঠে।
অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাগরিক টিভির সাংবাদিক মিশন আলীকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি এবং কালেরকণ্ঠের প্রতিনিধি নয়ন খন্দকারের নামে জিডি করায় নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হুমকি প্রদান করা জামায়াত নেতার ভাই হাসান আলীকে গ্রেপ্তারের দাবি জানান।
