সুষ্ঠু নির্বাচন না হলে সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের ‘অর্জন বলতে কিছুই থাকবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। সময় আছে, আশা করি, সবাই আলোচনার মধ্য দিয়ে সেই ঐকমত্যে পৌঁছতে পারব।’
সালাহউদ্দিন বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও মুক্ত গণমাধ্যম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রক্ষাকবচ। এগুলো নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আগামী দিনে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না।
সংবিধান সংশোধনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, শুধু নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব আমরা ১০ শতাংশ দিয়েছি। বাকিটা মাঠে গিয়ে বোঝা যাবে। আমাদের এখনো ৭০ শতাংশ নারী পর্দানশীল। তারা পারিবারিক কারণে আসতে পারছে না। তাই নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এখনো কম।
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বিচার তার বিচারিক প্রক্রিয়ায় চলবে। যে সরকারই আসুক, বিচার থেমে থাকবে না।
