প্রক্টরকে ছাত্রদল সভাপতির অভিযোগ
জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত-শিবিরের লোকজন অবস্থান নিচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রক্টরকে ফোন করে এমন অভিযোগ করেন।
ফোনে রাকিবুল ইসলাম রাকিব প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে ফোন করে বলেন, ‘জামায়াত-শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে কি না আপনি প্রক্টর স্যার হিসেবে এটুকু যদি না জানেন, আমি খুবই কষ্ট পেলাম স্যার। কি ধরনের নিরাপত্তা বলয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে? আমি ভিসি স্যারের সাথে দেখা করতে চাই, আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে জানালাম। যদি কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয় স্যার এ ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এবং ভিসি স্যারকে দায়িত্ব নিতে হবে।’
পরে রাকিব সাংবাদিকদের বলেন, ‘আমরা দুপুর থেকে জানতে পেরেছি যে, জামাত-শিবিরের লোকজন বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্ণারে অবস্থান নিয়েছে। তারা অবশ্যই কোনো নাশকতা এবং কোনো একটা উদ্দেশ্য রয়েছে তাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি এখানে গুপ্ত সংগঠন এবং টিএসসিতে জামাতের কয়েকজন কিন্তু ধরা পড়েছে ভোট দিতে এসে। বাগছাসের যারা রয়েছে তারা ওদের পাকড়াও করেছে। তো এরকম বেশ কিছু অভিযোগ আগে থেকে ছিল। জামাত-শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে আমরা জবাব চাই, তারা কি ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছে?’
রাকিব বলেন, ‘তাঁরা অবশ্যই কোনো প্রকার ষড়যন্ত্র করার জন্য এবং নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আজকে তাদের তো কোনো কাজ নেই এখানে। ঢাকা বিশ্ব স্টুডেন্টদের সব কাজ। সেখানে তাদের কাজ কি?’
