খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রবিবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ইসহাক দার।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এর আগে গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
