শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্যসহ মোট ১৫ জন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগী যুগ্ম সমন্বয়কারীরা হলেন—মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন।
আর পদত্যাগী সদস্যরা হলেন—মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আল আমিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।
পদত্যাগপত্রে নেতারা লেখেন সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় আমরা কমিটি প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছি।
