জামায়াত প্রসঙ্গে রিজভী
একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেকদিকে ভোট পেছানোর দাবি করছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
জাতীয় নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী জনমতের বিপরীতে অবস্থান নিয়ে দ্বিচারিতা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এই অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা (জামায়াত) নির্বাচন পেছাতে চান কেন? বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ৫ আগস্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেড় বছর সময় পাওয়া যাবে। এত সময় কি সংস্কার করার জন্য যথেষ্ট নয়?’
পরোক্ষভাবে জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘একদিকে তারা নির্বাচন পেছানোর দাবি করছে, অন্যদিকে কিছু আসনে প্রার্থীও দিচ্ছে। এটিই হলো দ্বিচারিতা।’
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে রিজভী বলেন, জামায়াত ৩৩ থেকে ৩৪টি আসনে প্রার্থী দিয়েছে, অথচ এখন তারা নির্বাচন পেছাতে চায়। ‘একদিকে মনোনয়ন দিচ্ছে, আরেকদিকে ভোট পেছানোর দাবি করছে।’
রিজভী বলেন, ‘জনগণের মনোভাব বুঝতে জামায়াতের ইতিহাসই ব্যর্থ। ১৯৭১ সালে তারা যদি জনগণের মন বুঝত, তাহলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করত না। তারা ১৯৮৬ সালে এরশাদের অধীনে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে যেত না। তারা সবসময় জনগণের মতামত উপেক্ষা করেছে। আসলে তাদের কাছে জনগণই কোনো বিষয় নয়।’
