শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপস নয়: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করাটাই এখন আমাদের দায়ীত্ব ও কর্তব্য। রংপুরের গৌরব শহীদ আবু সাঈদসহ শত তরুণ শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকল শহীদ এবং আহতদের কাছে জাতি ঋণী এবং কৃতজ্ঞ।
আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আবু সাঈদরা নিঃস্বার্থভাবে গুলির সমানে দাঁড়িয়ে নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের এই অত্মদানের কারণে আমি আজ কারামুক্ত। ১৪ বছর মিথ্যে মামলায় ফাঁসির আসামি হিসেবে জুলুমের শিকার হয়ে কারাগার বন্দি ছিলাম। আজ মুক্ত হতে পেরেছি। আমার মত অনেকেই বন্দিশালা থেকে আজ মুক্তি পেয়েছে।
তবে অভূতপূর্ব অভ্যুত্থানের পরও এখনো দেশে অর্থবহ কোনো পরিবর্তন আসেনি বলে মত এটিএম আজহারের। তিনি বলেন, এ রক্ত দেওয়ার পরও এখনো দেশের তেমন পরিবর্তন হয়নি। এজন্য ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চাই ঐক্যমত। গণতন্ত্র প্রতিষ্ঠায় ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কোন আপস নয়। এর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
