দলের কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি, করছি না।’
আজ শুক্রবার ঢাকার নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই কঠোর অবস্থানের কথা তুলে ধরে এখন পর্যন্ত কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- তার বিস্তারিত তথ্য জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের রিজভী বলেন, এ বিষয়টি আপনাদের সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া যে, আর কেউ যেন সাহস না পায়।
তিনি বলেন, দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারো সঙ্গে অথবা অন্য যেকোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস্র আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।
