সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। আজ রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে, আজ কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় আছে কিনা, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমি তো হবে না (ফেব্রুয়ারিতে নির্বাচন) এ রকম কোনো লক্ষণ দেখছি না। আমি তো দেখছি হচ্ছে (নির্বাচন)। সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। যে বিষয়টা হয় নাই, সেটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো লাভ নেই।
তিনি আরও বলেন, সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই।
তিনি অভিযোগ করেন, কুমিল্লার ঘটনাকে রাজনীতিকরণ করে একটি পক্ষ নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা করছে। সমস্যা হচ্ছে— সমস্যা সমাধান না করে রাজনীতিকরণের পথ বেছে নিলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সারা দেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার হতে হবে— যারা এ বিষয়গুলো রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণি পার হওয়ার সুযোগ খুঁজছে, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারা করেছে সবাই জানে।
আমীর খসরু আরও বলেন, ‘আগামী দিনে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা খুব দুঃখজনক। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে।’
