জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে। এসময় দলটি প্রতীক হিসেবে শাপলা, কলম অথবা মোবাইল চেয়েছে।
আজ রবিবার বিকেলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়।
আবেদন জমা দিয়ে আখতার হোসেন বলেন, আমরা ইসি কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। নিবন্ধনের শর্তপূরণ করে এমন সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এনসিপির দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছি।
তিনটি প্রতীক আবেদনে উল্লেখ করলেও শাপলা প্রতীককে এনসিপির প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে বলে প্রত্যাশা করেন আখতার হোসেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। এর মধ্যে শাপলাই বরাদ্দ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে "শাপলা" লিখে একটি পোস্ট করেছেন।
