'লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা বাড়ছে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশে শান্তি ফিরে আসছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের নতুন আশা তৈরি হয়েছে।’ আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ডা. জাহিদ লন্ডন বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন ও বিবৃতির বিরোধিতা করায় জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন।
তিনি বলেন, ‘বৈঠকের আগে এবং পরে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিভিন্ন ধরনের অস্থিরতা কমে গেছে। শান্তি ও শৃঙ্খলা ফিরে আসছে, কারণ মানুষ এখন এমন একটি নির্বাচনের আশা করছে—যা অনেকেই বিলম্বিত করার চেষ্টা করছিলেন।’
অন্তর্বর্তী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করে জনগণের ক্ষমতা এবং দেশের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ। তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষমতা জগণের অধিকারের মধ্যে নিহিত—যত তাড়াতাড়ি সম্ভব তা জনগণের কাছে ফিরিয়ে দিন।’
