নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পেল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে।
এর আগে পহেলা জুন রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আদালত।
মো. সানাউল্লাহ আরও বলেন, ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি, গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তাঁর কাজ সম্পন্ন করেছে।’
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেন।
