বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু, জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২৮ পিএম
বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশে লাখো তরুণ-তরুণীর অংশগ্রহণে শুরু হয়েছে। আজ বুধবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।
আজকের সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে বিএনপির স্থায়ী কমিটিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এর আগে আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে নেতা-কর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। মঞ্চে চলে গান ও দলীয় সংগীত পরিবেশন।
নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, টি-শার্ট ও ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।
ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ।
এই সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
