Logo
Logo
×

রাজনীতি

সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে: তারেক রহমান

Icon

ইউএনবি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম

সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে: তারেক রহমান

প্রাথমিক শিক্ষার মতো সংস্কৃতি ও খেলাধুলা বড় বিষয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব অ্যাক্টিভিটিতে (কর্মকাণ্ড) যুক্ত থাকে। এর ফলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে, তেমনই তাদের শারীরিক বিকাশও ঘটবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের অডিটরিয়ামে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা শেষে আজ (মঙ্গলবার) বিকালে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ যদিও ল্যান্ড ওয়াইজ (আয়তনের দিক থেকে) বড় দেশ নয়, তবুও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রামের আছে, চট্টগ্রামের আছে, কুষ্টিয়ার ওইদিকেও আছে।’

‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি-কালচার বা সংস্কৃতি আছে। সেরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্যও আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।’

তিনি বলেন, ‘বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-কালচারকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে কষ্টে দিন কেটেছে তাদের। যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে সুযোগ ছিল, এমন অনেক সংস্কৃতিকর্মীকে সহযোগিতা করা হয়েছিল।’

‘আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে, আমরা এই কালচার (সংস্কৃতি) এগিয়ে নিয়ে যাব। সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।’

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে এ সময় তিনি বলেন, ‘তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা নিয়ে বিএনপির  রাজনীতি হলো, যেটি করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে, এই অঞ্চলের মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে।’

‘এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের ভয়াবহতা ও উপকারিতা জড়িয়ে রয়েছে। আগামী দিনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খাল খনন কর্মসূচি আমরা যেকোনো মূল্যে শুরু করব।’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলনেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতা অংশ নেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন