Logo
Logo
×

রাজনীতি

এখন জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

এখন জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। দেশের রাজনীতি-গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। আজ তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন—সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আজ যেটা প্রয়োজন, তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য।’

আজ শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে।

বিগত বছরগুলোতে ছাত্ররা অনেক ত্যাগ শিকার করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব যোগ করেন, ‘তোমরা অনেক মামলা-মোকদ্দমার শিকার হয়েছ। আজ আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছি। প্রিয় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদের এই ছাত্রদল গঠন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। পরে ৭ নভেম্বর জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এরপর তিনি মাত্র চার বছর বেঁচে থাকার সুযোগ পেয়েছিলেন। সেই চার বছরেই তিনি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন এনেছিলেন। তিনি একদিকে রাজনীতি ও অন্যদিকে অর্থনীতির মৌলিক পরিবর্তন ঘটান।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন