ভারতের সাথে বন্ধুত্ব নয়, দাসত্বের সম্পর্ক তৈরি করা হয়েছে: হেফাজত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৪৮ পিএম
ভারতের সাথে বন্ধুত্ব নয়, দাসত্বের সম্পর্ক তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ মঙ্গলবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর দিল্লি সফরে মোদি সরকারের সাথে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়া প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, বাবরি মসজিদ ধ্বংসকারী, উগ্র হিন্দুত্ববাদী খুনি, ইসরাইলের দোসর, আমাদের জন্মভূমি বাংলাদেশের রাজনৈতিক সত্তা ধ্বংসকারী মোদি সরকারের সাথে দেশবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা এদেশের জনগণ মেনে নেবে না। স্বদেশের স্বার্থ না দেখে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া বন্ধুত্ব নয়, বরং দাসত্বের শামিল। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এমন দাসত্বের নজির আমরা অতীতেও দেখেছি। কিন্তু দাসত্বের পরিণতি কখনো সম্মানজনক হয় না। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।
হেফাজত আমির বলেন, তথাকথিত বন্ধুত্বের নামে আমাদের পররাষ্ট্রনীতিতে ভারতের সুবিধাই শুধু দেখা হচ্ছে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরাও তো অনেক অসুবিধায় আছি। আমাদের সুবিধা-অসুবিধাগুলো তো ভারত অনুভব করে না। সীমান্তহত্যা বন্ধেও ভারতের কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায় না। কীসের স্বার্থে ভারতকে সারাজীবন মনে রাখার মতো সুবিধা দেওয়া হচ্ছে তা দেশের মানুষ বোঝে। একদলীয় ফ্যাসিস্ট শাসন আজ জাতির জন্য করাল অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। অথচ ভারতকে রেল-ট্রানজিট দেওয়ার ব্যাপারে দেশের সার্বভৌমত্বের অধিকারী জনগণের সম্মতি আছে কি নেই তা দেখা হয়নি। আমাদের বুকের ওপর দিয়ে ভারতের রেল আসা-যাওয়া করবে, কিন্তু এর বিনিময়ে ভারতের সাথে তিস্তাচুক্তি করতেও ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যেকোনো চুক্তি বা সমঝোতা হতে হয় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। একতরফা স্বার্থের চুক্তি কোনোভাবেই সমমর্যাদা রক্ষা করে না।
