Logo
Logo
×

রাজনীতি

যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক: রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৩:২৪ পিএম

যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। এটিই আজ অত্যন্ত সত্য কথা। তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে, সাংবাদিকরা জামায়াত-শিবিরের লোক। তাহলে আপনারা কার লোক শেখ হাসিনার লোক? শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন। শেখ হাসিনার নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করছেন, খুন করছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির বানানোর চেষ্টা করছেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আজ সকালে সাবেক এমপি সালা উদ্দিনের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে। তারাতো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারাতো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারাতো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছুসংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো।   

রিজভী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ, তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাঁকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন। তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাঁকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়াকে মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ূর সিংহাসন আর থাকবে না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন