ভারত সফর অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত সফর অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে। শীঘ্রই প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আজ রোববার দুপুরে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও আওয়ামী লীগকে এখনও দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তির মোকাবিলা করতে হয়। বিএনপি যদি এ সব অপশক্তির তোষণ না করতো, তাহলে দেশ আরও বহুদূর এগিয়ে যেতো।
হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত আওয়ামী লীগ সরকারের অধীনেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং সব সেক্টর কমান্ডাররা ও জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে মন্ত্রী হাছান বলেন, বাংলাদেশ আজ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয়, ধান ও শাক-সবজি উৎপাদনে তৃতীয় স্থানসহ ১৪টি কৃষিপণ্য উৎপাদনে দেশ আজ বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম।
হাছান মাহমুদ বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর ১৯৫৬ সালে পাকিস্তানে সরকার গঠন করে। পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হওয়ার পরই পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়। এবং ১৯৫২ সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা হলেও ১৯৫৬ সালেই রাষ্ট্রভাষা হিসেবে কার্যকর হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনও সেসময়েই চালু হয়।
এ সময় সাংবাদিকরা এনবিআর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে তাকে এনবিআর সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
