বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দেশে এই ঈদুল আজহা একটি কষ্টকর দিন। কারণ, এবার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে কোরবানির পশু কিনতে অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (১৭ জুন) সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়াস্থ বাসভবনে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি ঈদের নামাজ আদায় করেন।
মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। কোরবানির মাংস রান্না করতে যে মসলা ও উপকরণ প্রয়োজন হয় তাও সংগ্রহ করতে হিমসিম খেতে হয়েছে। তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই।
মির্জা ফখরুল এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
বিএনপি মহাসচিব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ ইন্দ্রিয়কে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান জানান। মির্জা ফখরুল আরও জানান, সারাদেশে যেভাবে দুর্নীতির আগ্রাসন ছড়িয়ে পড়েছে ত্যাগের মধ্য দিয়ে সেই অশুভ আকাঙ্খা ত্যাগ করতে হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নূর চৌধূরী, আমিনুল ইসালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
