বাজেটের তাৎক্ষণিক প্রতিবাদে অর্থমন্ত্রীর ‘ব্রিফকেসে’ আগুন দিলো এবি পার্টি
ছবি: সংগৃহীত
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আজ বৃহস্পতিবার (৬ জুন) তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয় নগরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেন এবং নানা শ্লোগান দিয়ে ক্ষোভ করেন।
তাৎক্ষণিক এ প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট।’
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।’
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসান।
প্রসঙ্গত: এর আগে আজ বিকেল ৩টা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাবনা করা হয়েছে।‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।
আজ বাজেট উপস্থাপনের পর নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। এরপর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। বাংলাদেশের ৫৩তম বাজেট এটি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

