Logo
Logo
×

রাজনীতি

লুটেরাদের দেশে, লুটেরাদের জন্য এই বাজেট : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:২৩ পিএম

লুটেরাদের দেশে, লুটেরাদের জন্য এই বাজেট : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ন্যায়ের পথে চলে তাদের ওপর এই বাজেটের সমস্ত চাপ পড়বে।  

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট আর কিসের জন্য, লুট করার জন। আবার একটা লুট করার পরিকল্পনা করা হয়েছে। তথাকথিত বাজেট যা দেওয়া হয়েছে, এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। সে সমস্ত জায়গাগুলোতে আয়ের অংশ দেখানো হয়েছে তাতে সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝাটি গিয়ে পড়তে যাচ্ছে। এই ব্যয়টা তোলার জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে। এই বাজেট সাধারণ মানুষের পকেট কাটার জন্য, বিদেশ থেকে অনুদান অথবা ঋণের। সেই সঙ্গে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে। আর সবটাই গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর। মানুষ এই বোঝা টানতে টানতে, আর পারছে না। 

মুদ্রাস্ফীতি চরম ভাবে বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিন আগেই বাড়ল পেট্রোল, ডিজেল বিদ্যুৎ, এসব জিনিসের দাম। এখন আবার বাজেটের জন্য এসব জিনিসের দাম বাড়বে। আইএমএফের সঙ্গে যে চুক্তি তাতে প্রতি বছর চারবার করে বাড়বে। আমরা এই পয়সাটা কিসের জন্য দিচ্ছি। বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে। কুইকরেন্টাল পাওয়ার প্লান্ট থেকে শুরু করে আদানির কাছ থেকে, ভারত থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রে-সবগুলোতে তাদের পকেট ভারি হযেছে। রূপপুর প্লান্ট, এখন রূপপুর প্ল্যান্ট কোথায় গেল। পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে… কিন্তু সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করতেন। মানুষ আর পারছে না। বহু মানুষ এখন শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা পে করে, যারা ন্যায়ের ওপর পথ চলে তাদের ওপর সমস্ত চাপটা পড়ে যাচ্ছে। যারা অন্যায়ের পথে চলে তাদের ওরপর এখানে কোনো কিছু হয় না। সেটা আপনারাই (সাংবাদিকদের উদ্দেশ্য করে) তো প্রতিদিন লিখছেন।

তিনি বলেন, কি করে একজন সরকারি কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করে। হাউ? কি করে সেনাবাহিনীর একজন চিফ.... সে কি করে এতো সম্পদ তৈরি করতে পারে। এটাতো মাত্র দুইটা ঘটনা। এরকম প্রত্যেকটা ঘটনা.... চারদিকে এরকম হাজারো ঘটনা। মালয়েশিয়ায় কর্মীরা যেতে পারল না। কেন পারল না। সরকারের ব্যর্থতার জন্য। সুশাসনের অভাব। চারজন পাঁচজন সংসদ সদস্য্য এই ঘটনায় জড়িত। তারা এখান থেকে ২০ হাজার ২৫ হাজার কোটি টাকা বানিয়ে নিয়ে গেলেন। মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। 

তিনি আরও বলেন, আমরা সব সময়য় বলে আসছি। এটা একটা লুটেরাদের দেশে পরিণত হয়েছে। জনগণের সরকার না থাকলে, কোনো যদি জবাবদিহিতা না থাকলে যা হয় আজকে সে অবস্থাই তৈরি হয়েছে।   

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন