সরকারের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৮:৪৮ পিএম
সরকারের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজিজ-বেনজীরদের দুর্নীতির গল্প রূপকথার গল্পকে হার মানিয়েছে। জোরপূর্বক গুম ও ক্রস ফায়ার এখনও চলছে। সরকারের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে। মঙ্গলবার (২৮ মে) জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক এটি আওয়ামী লীগ মানতে পারে না। জিয়াউর রহমান কেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন, কেন সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন তা তারা মানতে পারে না। আর সে জন্যই জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল, জাসাস নেতা জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ। আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।
