ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৮:৩৪ পিএম
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অবিলম্বে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে ফখরুল বলেন, ঘূর্ণিঝড় রেমারের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এ খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই টিকে থাকে। যুগ যুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ ব্যথা—বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি—তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়—সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন।
ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিএনপি মহাসচিব বলেন, আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। এছাড়া তিনি দ্রুত আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। আর ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
