Logo
Logo
×

রাজনীতি

দোষী হলে কাউকেই বাঁচাতে যাবে না সরকার: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৭:৪০ পিএম

দোষী হলে কাউকেই বাঁচাতে যাবে না সরকার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাঁকে প্রটেক্ট করতে যাব না। এমনকি তিনি সাবেক আইজিপি (বেনজীর আহমেদ) বা সেনাপ্রধান (আজিজ আহমেদ) হলেও। আজ শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি দেখতে হবে। কোনো ব্যক্তি যত প্রভাবশালীই হোক—অপরাধ করতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, অপরাধের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। কেউ পার পাবে না। বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই।’ 

আবরার হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল, তাদেরও সরকার প্রোটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে, ব্যক্তি অপরাধ করতে পারে এবং সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে কি না। শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

উল্লেখ্য, দুদকের মামলায় গতকাল পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পত্তি জব্দ করার নির্দেশনা দেন আদালত। আর সম্প্রতি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন