Logo
Logo
×

রাজনীতি

আনোয়ারুল কি ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৮:০৮ পিএম

আনোয়ারুল কি ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল: কাদের

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন, মন অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সে (এমপি আনার) কি ছিল বড় কথা নয়, তাঁর জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন। সভায় সাংবাদিকেরা আনোয়ারুল আজিম আনার প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে লিখিত প্রশ্ন দেয়।

ওবায়দুল কাদের বলেন, সংসদ সদস্য (আনোয়ারুল আজিম আনার) কলকাতায় মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারব না। তবে তিনি আওয়ামী লীগের এমপি। সে কি ছিল সেটা বড় কথা না। যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকা গিয়ে দেখুন, তাঁর জন্য শোকার্ত মানুষের হাহাকার, সে প্রতিনিয়ত কোনো গাড়ি নয়, মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরতো। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা..এসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। অন্যায়কারী, অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না।

ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্ন করে বলেন , আপনারা এখন বলছেন কলকাতায় তাকে চোরাকারবারি বলছে। আমি সাংবাদিকদের বলব আপনারা কি তিন-তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন, তখন কি আপনারা এটা পেয়েছেন। এখন ভারতীয় সাংবাদিকেরা কোন তথ্য আনল, সেটার উদ্ধৃতি দিচ্ছেন। আপনারাতো এই দেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, সেই অপরাধ টা আপনাদের অনুসন্ধান প্রতিবেদনে কেন এল না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশীদ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্যসচিব মাশরাফি বিন মোর্ত্তজা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন