Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:০৬ পিএম

প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন

প্রধানমন্ত্রী শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা জানান।

ওলামা লীগের সভাপতি কেএম আব্দুল মমিন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ ওলামা লীগের নেতৃবৃন্দ।

কাদের বলেন, বর্তমান পরিস্থিতি স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। 

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির কোন নেতাকর্মীকে বিএনপি হিসেবে নয়, অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে। অপরাধীদের কোনো দল নেই। তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। 

১৫ মে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রবিবার রাজধানীর মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চালকেরা। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ২৭ মে সারা দেশে আন্দোলন করা হবে।

এ ছাড়া আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ব্যাটারি-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বলেছে, ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে আগামী সোমবার সারা দেশে আন্দোলন করবে তাঁরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন