ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের
ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কানদের বলে, ‘আমাদের এনবিআর মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে, এটা হতে পারে না। রং ডিসিশন। ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেন করব? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন।’
কাদের বলেন, ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।
বহির্বিশ্বের পরিবহনের সঙ্গে তুলনা করে কাদের বলেন, এই শহরে যে বাসগুলো চলে, এখানে এত গরিব বাস। টিভিতে দেখি আফ্রিকায় ছোট ছোট গাড়ি চলে, সেগুলো দেখতে অনেক সুন্দর। অথচ এই শহরের বাসগুলো জরা জীর্ণ। এই জরাজীর্ণ বাস নিয়ে আমরা মিটিং করে বিআরটিএ এর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারেনি। ঢাকার সঙ্গে এসব যায় না। আজ আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্ণফুলীও শেষ।’
কাদের বলেন, আমাদের মেট্রোরেল অনেক সুন্দর, শব্দ দূষণ নেই। অথচ পিলারগুলো পোস্টার দিয়ে ভরা। অপরিচ্ছন্ন নোংরা। মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে আমাদের টার্গেট ছিল ছয়টি এম আর টি লাইনের কাজ শেষ হবে। ১ ও ৫ এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্রেইনে আজ মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই বাংলাদেশ নিয়ে তাঁর যে বহুমুখী পরিকল্পনা। এই ঢাকা তার অবিচ্ছেদ্য অংশ। যারা ইউজার তারা যেন মূল্যবান সম্পদ রক্ষা করে।’
কাদের মেয়রের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে সহযোগিতা করুন। যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এত আধুনিক মেট্রোরেল থেকে নেমে যখন গরিব গরিব বাসে, জীর্ণ শীর্ণ বাস দেখতে কেমন লাগে। আমাদের মালিকেরা কি লজ্জা পায়না। তারা কি বিদেশে যান না, দেখেন না।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

