Logo
Logo
×

রাজনীতি

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:৩৯ এএম

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরে আনবে, তা আমরা মনে করি না। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সব সময় তাদের নিজের শক্তিতে, নিজের পায়ের ওপর ভর করে ৭০ সালের আগেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের শক্তির ওপর নির্ভর করেই আন্দোলন করেছি। সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না।’

এর আগে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও সমমনা জোট ও দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। ১২ মে শুরু হওয়া এসব বৈঠকে এরই মধ্যে বেশ কয়েকটি জোট ও দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন দলটির নেতারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন তাঁরা। এসব আলোচনার মধ্য দিয়েই যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন