বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বলেন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শনিবার (১১ মে) আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে মোহাম্মদপুরে। আন্দোলন ও নির্বাচনে ঠেকানোর ব্যর্থতায় বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি বলেন, বিএনপির সমাবেশের সময় দেশ ও মানুষের জান-মাল রক্ষায় আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়, কোনো পাল্টাপাল্টি সমাবেশের উদ্দেশ্য নয়। কারণ, বিএনপির সমাবেশ মানেই বিশৃঙ্খলা, নৈরাজ্য, সন্ত্রাস, পুলিশ হত্যা।
ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো ছিল, বিএনপির এত ষড়যন্ত্রের পরও নির্বাচন সন্তোষজনক। বিএনপির ভোট বর্জনের পরও স্থানীয় সরকার নির্বাচন সন্তোষজনক হয়েছে। দেশের কোথাও কোনো সংঘাত হয়নি এটাও সফলতা।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

