বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগরের নেতা নবী উল্লাহ নবীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে। শুক্রবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই সমাবেশ করতে দলটিকে মানতে হবে কিছু শর্ত।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সমাবেশের জন্য ডিএমপির পক্ষ থেকে মৌখিকভাবে সম্মতি দেওয়া হয়েছে।
এদিকে সমাবেশের অনুমতির প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেই না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে, এটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি। জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে। শর্ত মানলে তাদের নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে।
এর আগে, সমাবেশের অনুমতি নিতে বেলা ১১টায় ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা। প্রায় পৌনে এক ঘণ্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
এরআগে গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তীব্র তাপদাহের কারণে ওই সময় সমাবেশ স্থগিত করা হয়।
