Logo
Logo
×

রাজনীতি

ভারতীয় ৫২৭ খাদ্যদ্রব্যে ক্যানসারের উপাদান, বিএনপির উদ্বেগ

Icon

বিশেষ সংবাদদাতা

প্রকাশ: ১০ মে ২০২৪, ০১:০১ এএম

ভারতীয় ৫২৭ খাদ্যদ্রব্যে ক্যানসারের উপাদান, বিএনপির উদ্বেগ

ভারত থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা ৫২৭টি খাদ্যদ্রব্যে ক্যানসারের উপাদান পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গত বুধবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। দলটি শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি দিতে পারে। 

সম্প্রতি ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যানসারের উপাদান পাওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) খাদ্য নিরাপত্তা বিভাগ। তাদের অভিযোগ, ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ভারত থেকে আমদানি করা অন্তত ৫২৭টি খাদ্যপণ্যে ক্যানসারের উপাদান পেয়েছে তারা। এর মধ্যে বেশিরভাগই বাদাম, তিল, ভেষজ পদার্থ, মশলা, ডায়েট-ফুড জাতীয় খাদ্যদ্রব্য। এর মধ্যে ৮৭টি খাদ্যপণ্যকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছিল। বাকি খাদ্যদ্রব্যগুলো পরে বাজার থেকে সরানো হয়। ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়া ৫২৭ পণ্যের মধ্যে ৫২৫টি ভোক্তা খাদ্যপণ্য ও দুটি প্রাণিখাদ্য। এসব পণ্যের মধ্যে ৩৩২টির একক উৎস ভারত। বাকিগুলোর উৎস হিসেবে ভারত ছাড়া অন্যান্য দেশের নামও ট্যাগ করা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্যে ক্যানসারের উপাদান থাকার কারণে ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ বাংলাদেশে দ্রুত এসব ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ভারতের প্রভাব ছিল এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক প্লাটফর্ম থেকে গত কয়েকমাস ধরে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতীয় পণ্য বর্জনের এই ডাকে 'রাজনৈতিক রং' লাগাতে চায় না। 

দলটির শীর্ষ নেতারা মনে করছেন, দেশের জনগণ যদি ভারতীয় পণ্য বর্জন করে তাহলে দল হিসেবে বিএনপির কিছু করার নেই। কারণ জনগণের বিবেচনাবোধকে তারা অগ্রাহ্য করতে পারেন না। কিন্তু ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে তাতে সরাসরি সম্পৃক্ত হওয়া কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির জন্য মর্যাদাকর নয়।

অবশ্য গত ২০ মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সেদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের ব্যবহার করা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি। রিজভীর পর বিএনপির আরো কয়েকজন নেতাও ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে বক্তব্য দিয়েছেন। বিএনপির নীতি-নিধারণী ফোরামের মতে, পণ্য বর্জনের বিষয়ে দলের নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, তা তাদের ব্যক্তিগত মতামত। 

জানা গেছে, বুধবার স্থায়ী কমিটির বৈঠকে ভারত থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা ৫২৭টি খাদ্যদ্রব্যে ক্যানসারের উপাদান পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। জনস্বাস্থ্য সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিতভাবে একটি বিবৃতি দেওয়ার বিষয়ে বৈঠকে মতামত আসে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ও ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নগদ অর্থ দিয়ে বিবৃত করার ঘটনার নিন্দা জানানো হয়। বৈঠকে নয়া পল্টনে বিএনপির আজকের সমাবেশ নিয়ে আলোচনা হয়। সমাবেশে শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেয় হাইকমান্ড। 

জানা গেছে, বৈঠকে সাংগঠনিক নানা বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে সারাদেশে বিএনপির সদস্যদের কাছ থেকে নির্ধারিত মাসিক বকেয়া পরিশোধের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন