Logo
Logo
×

রাজনীতি

কাল ১৪০ উপজেলায় ভোট, বিএনপিহীন ভোটেও ১০০ উপজেলা অতিঝুঁকিপূর্ণ

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৩:৩০ এএম

কাল ১৪০ উপজেলায় ভোট, বিএনপিহীন ভোটেও ১০০ উপজেলা অতিঝুঁকিপূর্ণ

ফাইল ছবি

রাত পোহালেই দেশের ১৪০ উপজেলা পরিষদের ভোট গ্রহণ। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে এই নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও, সবগুলো উপজেলায়ই রয়েছে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রত্যক্ষ সমর্থিত প্রার্থী। 

অন্যদিকে রাজপথের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ও সরকার বিরোধী অর্ধ শতাধিক রাজনৈতিক দলের কোনো ধরনের অংশগ্রহণ নেই এই ভোটে। তারপরও ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে ক্ষমতার ভাগাভাগি এবং অন্তর্দ্বন্দ্বে ১৪০টি উপজেলাকেই ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন। এর মধ্যে অন্তত ১০০ উপজেলায় চরম ঝুঁকিপূর্ণ মনে করছে কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। 

তার মতে, অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নিলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ক্ষমতাসীন দলের নিজেদের দলীয় প্রার্থীদের মধ্যে ভোট হলেও প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্র ভাবে। সুতরাং তুমুল লড়াই হচ্ছে; প্রথম ধাপে ১৫০ উপজেলায় তপশিল ঘোষণা হলেও ভোট হচ্ছে ১৪০ উপজেলায়। বাকি ১০ উপজেলার মধ্যে ৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মোট ৮জন চেয়ারম্যান, ১০ জন করে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আর ৬ উপজেলায় প্রার্থীর মৃত্যু ও মামলা থাকায় ভোট হচ্ছে না। তাই বুধবার (৭ মে) হচ্ছে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ হবে।   

এদিকে, বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল উপজেলা নির্বাচন বর্জন করেছে। ভোটের মঠে তারাও সরব। তবে ভোট বর্জনের জন্য ভোটারদের মাঝে বর্জনের প্রচারপত্র বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলগুলোর কেন্দ্র থেকে তৃণমূল নেতা-কর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন বর্জনের আহ্বানে সাধারণ ভোটারদের ইতিবাচক সাড়াও মিলছে বলে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে মাঠা থাকা রাজনৈতিক দলগুলোর নেতারা দাবি করছেন। 

ভোটরদের মধ্যেও ভোট দিতে না পারার যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, সে ভয় কাটিয়ে কেন্দ্রে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নির্বাচন কমিশন বা সরকারের দায়িত্বশীলরা সৃষ্টি করতে পারেনি বলে মনে করছেন সাধারণ ভোটার বা স্থানীয় সরকারের এই নির্বাচন পর্যবেক্ষণে থাকা সংগঠন বা ব্যক্তিরা।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) প্রধান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ তাদের মধ্যে একজন। তিনি বাংলা আউটলুককে বলেন, ভয়ের পরিবেশ কাটিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়ার মতো কোনো কর্মকাণ্ড লক্ষ করা যাচ্ছে না। ফলে অধিকাংশ নির্বাচনী এলাকা এবারও ভোটশূন্য বা ভোটার উপস্থিতি হ্রাস পাবে। 

সাধারণ ভোটারদের দাবি, আওয়ামী লীগের নিজেদের প্রার্থীদের মধ্যে এই ভোটের প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ভয়ঙ্কর রকমের বিশৃঙ্খলা হতে পারে। এ কারণেই তাদের অধিকাংশই ভোট কেন্দ্রে না যাওয়ার পক্ষেই এখনো পর্যন্ত মনোভাব ব্যক্ত করেছেন।    

তাদের মতে, প্রায় প্রতি উপজেলায়ই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় এমপির সমর্থিত প্রার্থী রয়েছেন। এমপির বিরোধী বলয়ের প্রার্থীও রয়েছেন। দু’পক্ষই ক্ষমতাসীন দলের হওয়ায় সংঘাতের শঙ্কা তৈরি করেছে। যেমনটা হয়েছিল গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে। আর কিছু উপজেলায় এমপিবিরোধীরা দুর্বল হওয়ায় সেখানে নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। 

এদিকে, প্রথম ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও নোয়াখালীর হাতিয়া, ফেনীর পরশুরাম, বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর ও মাদারীপুরের শিবচর উপজেলায় ভোট হবে না। এ ৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা ‘ডামি প্রার্থী’ সরে যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জয়ীরা স্থানীয় এমপির সমর্থিত হিসেবে পরিচিত। হাতিয়ায় স্থানীয় এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা ভোটে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মা আয়েশা আলী। আয়েশা আলী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সেলিম মিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন স্ত্রী ফাহিমা আক্তার।  আর মামলা হওয়ায় সোমবার রাতে স্থগিত করা হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন। 

এদিকে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে এরই মধ্যে ২১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ইতোমধ্যেই প্রচারণায় নেমেছেন। ১৯ মে পর্যন্ত মোট ১৮ দিন তারা প্রচারণার সময় পাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৮২৮ জন। চেয়ারম্যান পদে ৬০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৪ জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলার মধ্যে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে ২ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম’এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন