দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৬১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৪ মে) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় আরও ৬১ জন নেতাকে বহিষ্কার করা হলো। এসব নেতা আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
প্রসঙ্গত, প্রার্থীর হওয়ার পর পরই দল থেকে এসব নেতাদের শোকজ দেওয়া হয়েছিল এবং শোকজের জবাবও চাওয়া হয়েছিল। দলের পক্ষ থেকে বলা হয়েছে, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম দফার ভোটে যাওয়া ৮০ নেতাকে বহিষ্কার করে বিএনপি। তাদেরকেও বহিষ্কারের আগে শোকজ করা হয়। প্রথম দফায় ভোট হবে ৮ মে।
