বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা প্রতিদিন স্যারেন্ডার করে স্বেচ্ছায় জেলে যাচ্ছেন। গ্রেপ্তার করে কোনো স্বৈরশাসক নেতা-কর্মীদের ঠেকিয়ে রাখতে পারবে না। আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। কেউ না কেউ আসবে এবং সেটি বিএনপি থেকেই আসবে। দেশের উন্নয়নের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
আজ শনিবার (৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ফাঁদ। সর্বশেষ এই ফাঁদ পেতেছে সরকার। তারা বলছে, উপজেলা নির্বাচন। এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল। বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখান করেছে।’
মির্জা আব্বাস বলেন, দেশ কি দুরবস্থায় আছে তা আওয়ামী লীগ ছাড়া সারা বিশ্ব জানে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বলা হলেও সরকার বলছে আইন নাই। অথচ বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির আছে। কেউ যাতে কিছু বলতে না পারে সেভাবেই খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার।
তিনি আরো বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের পেটে ভাত নাই। চুরির উন্নয়ন দেশের মানুষ মেনে নেবে না।
