সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না: রিজভী
প্রকাশ: ০৩ মে ২০২৪, ১০:২৭ পিএম
স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন? জনগণ তা জানতে চায়। আপনি জনগণের ভোট ডাকাতি করেছেন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।
সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে আজ শুক্রবার (৩ মে) ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপি’র পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে। তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না।’
রিজভী বলেন, এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সবই ডামি নির্বাচন, একতরফা নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণই ঠিক করবে তারা কাদের ক্ষমতায় বসাবে।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন-বিএনপি নেতারা না কী দেশ ছেড়ে যাচ্ছেন। আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবইতো ক্ষমতাসীনরা দখল করেছে। বিদেশে তো তারা (সরকার) যাচ্ছেন, তাদের আত্মীয়-স্বজনরা যাচ্ছে, যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ব্যাংক ও মানুষে সম্পদ লুট করেছেন, তারা বিদেশে যাচ্ছেন। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. লতিফ মাসুম, কেন্দ্রীয় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।
