Logo
Logo
×

রাজনীতি

‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় আওয়ামী লীগই সবচেয়ে বড়ো প্রতিবন্ধক’

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৮:২৪ এএম

‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় আওয়ামী লীগই সবচেয়ে বড়ো প্রতিবন্ধক’

জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগই সবচেয়ে বড়ো প্রতিবন্ধক বলে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সারাদেশে তীব্র তাপদাহ, অসহনীয় লোডশেডিং আর তীব্র পানির সংকট দেখিয়ে দিয়েছে জলুবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

আজ (২ মে) ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা ম খা আলমগীরের নেতৃত্বে একটি আওয়ামী চক্র ২০১৩ সালে ফারমার্স ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। লুটপাট আর টাকা পাচারের অন্যতম নিরাপদ এই ব্যাংকে ২০১৫ সালে জলবায়ু তহবিলের প্রায় ৬০০ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। আজ পর্যন্ত সেই টাকা জলবায়ু তহবিলে ফেরত দেওয়া হয়নি। জলবায়ু মোকাবেলায় খরচ না করে জলবায়ু তহবিলের টাকা কেন ম খা আলমগীরের ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছিল?’

তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সুতরাং,তাপদাহ কিংবা দাবদাহ যাই বলি না কেন, এর পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে বটে, তবে হঠাৎ করেই কিন্তু  এমন পরিস্থিতির উদ্ভব হয়নি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায়  ঝুঁকিপূর্ণ দেশগুলো নানারকম প্রস্তুতি নিয়েছে। আর বাংলাদেশ? জলবায়ুর টাকা লোপাট করার জন্য ফারমার্স ব্যাংক বানিয়েছে। লুটপাট করে টাকাপাচার শেষে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক বিলীন হয়ে গেছে 'পদ্মা'য়। ‘পদ্মা' নাম ধারণ করা ব্যাংকটি এখন আবার নতুন করে এক্সিম ব্যাংকের সঙ্গে বিলীন হচ্ছে। একের পর নাম পরিবর্তন হচ্ছে কিন্তু ফারমার্স ব্যাংকে সরিয়ে ফেলা  জলবায়ু তহবিলের শত শত কোটি টাকা আদৌ কি আর ফেরত পাওয়া যাবে?

বিএনপিনেতা অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড কিংবা গ্রিন ক্লাইমেট ফান্ডে দেশি-বিদেশি উৎস থেকে জমা হওয়া হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আওয়ামী লুটেরা চক্র। জলবায়ু তহবিলের টাকা মানেই যেন আওয়ামী লুটেরাদের লুটপাটের নিরাপদ খাত! বাংলাদেশ জলবায়ু তহবিলের টাকা খরচ করে নেওয়া এমন একটি প্রকল্পও খুঁজে পাওয়া যাবে না যেখানে লুটপাট হয়নি। জলবায়ু তহবিলের ফান্ডে পরিচালিত কমপক্ষে সাতটি প্রকল্পের ব্যাপারে টিআইবি তথ্যানুসন্ধান চালিয়েছিল। টিআইবি প্রতিটি প্রকল্পেই দুর্নীতির পুকুরচুরি খুঁজে পেয়েছে। জলুবায়ু তহবিলের টাকা লুটপাটের দিকে নজর থাকলেও  জলবায়ু মোকাবেলায় বিনা ভোটের সরকার কার্যত কোনো কার্যকর উদ্যোগই গ্রহণ করেনি। অতিবৃষ্টি-অনাবৃষ্টি , খরা, বন্যা-জলোচ্ছ্বাসহ নানা বিষয়ে তথ্য পেতে একটি আধুনিক কৌশল ও যন্ত্র সমৃদ্ধ  আবহাওয়া বিভাগ অনিবার্য। অথচ বর্তমানে দেশের আবহাওয়া বিভাগের একটি রাডারও কাজ করছে না। তাহলে কিসের উন্নয়ন? কার উন্নয়ন?

পরিবেশবিদদের বরাতে তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে গাছ লাগানো হয়েছিল। পরিবেশবিদরা বলেছিলেন, যেসব গাছ লাগানো হয়েছে সেগুলো ঢাকার মাটি এবং পরিবেশের জন্য উপোযোগী নয়।  তার পরও কিন্তু সড়ক ও জনপথ বিভাগ বিদেশ থেকে প্রচুর টাকা দিয়ে আমদানি করে এসব গাছ লাগিয়েছিল। আসলে পরিবেশ সংরক্ষণ কিংবা গাছ লাগানো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি।

তিনি বলেন, উন্নয়নের নামে চট্টগ্রামে গাছ কাটার মহোৎসব চলছে। পাহাড় কাটা, পাহাড় দখল রোধে কোনো পদক্ষেপ নেই।  সম্প্রতি ভবন নির্মাণের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। দেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকিতে জেনেও তথাকথিত উন্নয়নের নামে গাছগাছালি কেটে, খাল-ডোবা-জলাধার ভরাট করে রাজধানীসহ দেশের শহরগুলোকে কংক্রিট আর আবর্জনার শহরে পরিণত করা হয়েছে।

তাপদাহের সময় নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী-হাওর-খালগুলো জনগণের জন্য একটি অন্যতম নিরাপদ আশ্রয় হতে পারত উল্লেখ করে তারেক রহমান বলেন, উজান থেকে নদী শোষণের কারণে ভাটির দেশ বাংলাদেশের নদ-নদীগুলো প্রায় সারা বছরই পানিশূন্য থাকে। আর এই সুযোগে আওয়ামী দখলদার চক্র পানিশূন্য খাল-নদী ভরাট করে দখলে নিচ্ছে। আওয়ামী চক্রের দখলদারিত্ব থেকে রেহাই পেয়েছে দেশে এমন একটি নদী কিংবা খাল খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ।

তিনি বলেন,  আমি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দেখছিলাম, রিপোর্ট বলছে, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীবেষ্টিত কেরানীগঞ্জ উপজেলায়  খাল ছিল কমপক্ষে ৫২টি। এর মধ্যে দখল আর দূষণে ৪০টি খালই প্রায় বিলুপ্ত। আর ১২টি খাল এখনো কোনোমতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। শেখ হাসিনা হাসিনা আরো কিছুদিন ক্ষমতা দখল করে রাখতে সক্ষম হলে এই ১২টি খালের অস্তিত্বও হয়তো আর খুঁজে পাওয়া যাবে না।

বিভিন্ন গবেষণা সংস্থার পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে ১২ শতাধিক নদ -নদী ছিল। এর মধ্যে পাঁচ শতাধিক নদীর মৃত্যু হয়েছে। ১৯৭৪ সালে ফারাক্কায় বাঁধ নির্মাণের জেরে বাংলাদেশের নদ-নদীর এই মরণ যাত্রা শুরু হয়। অথচ জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের নদ-নদীগুলো প্রাণসঞ্চারী ভূমিকা রাখতে পারত। মানুষের বেঁচে থাকার স্বার্থেই দেশের নদ-নদী-খাল বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে স্মরণ করিয়ে দেন তারেক রহমান।

দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ সড়ক, রেলসংযোগ, স্থলবন্দর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্টের মতো ইস্যুগুলো দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ ছিল স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ইস্যুগুলো নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করার সুযোগ ছিল। কিন্তু ক্ষমতালিপ্সু আওয়ামী লীগ বিনা ভোটের সরকারের প্রতি সমর্থন আদায় করতে এই ইস্যুগুলোকে দলীয় স্বার্থ ব্যবহার করেছে। ফলে তিস্তা চুক্তি কিংবা অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়টি এখনো অমীমাংসিত। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের জলবায়ু প্রভাব মোকাবেলায় খোদ শেখ হাসিনাই এখন সবচেয়ে বড়ো প্রতিবন্ধক।

জিয়াউর রহমানের খাল খননের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দূরদৃষ্টিসম্পন্ন, যুগান্তকারী পদক্ষেপ নেন। তারেক রহমান বলেন, 'খাল কাটা হলে সারা/দূর হবে বন্যা খরা' এই শ্লোগান  নিয়ে শহীদ জিয়া সারাদেশে  খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। 'মাদার অব ডেমোক্রেসি' খালেদা জিয়ার সরকারের সময়ও সবুজায়ন কর্মসূচি এগিয়ে নেওয়া হয়েছিল। জনগণের রায়ে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে জলবায়ু মোকাবেলায় দেশে আবারো শহীদ জিয়ার সেই সবুজ বিপ্লব কর্মসূচি শুরু করা হবে।

তারেক রহমান বলেন, একটু চিন্তা করে দেখুন। আওয়ামী লুটেরা চক্র বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলেছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অগণিত ঘরবাড়ি বানিয়েছে। সুতরাং বসবাসের জন্য বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠলে আওয়ামী লুটেরা চক্র নিরাপদে বিদেশে পালিয়ে যাবে। কিন্তু সাধারণ জনগণ কোথায় যাবে? দেশের কোটি কোটি জনগণ বিদেশে আমাদের যাদের সেকন্ড হোম নেই, আমাদের বাংলাদেশেই থাকতে হবে। পরিবেশবিরোধী আওয়ামী লীগের দুঃশাসনের এই দহনকালে গণতন্ত্র কিংবা মানবাধিকার দূরে থাক, প্রকৃতি এবং পরিবেশও  নিরাপদ নয়।

তারেক রহমান বলেন, ‘জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করে আপনার আমার আমাদের সবার জন্য একটি নিরাপদ এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।  সেই লক্ষ্যে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন