বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাত্র একদিনের চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (২ মে) রাতে গুলশানের বাসায় ফিরেছেন। তিনি হাসপাতালে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন।
তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মেডিকেল পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি চেয়ারপারসনকে এখন বাসায় থেকেই সুচিকিৎসা দেওয়া হবে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টা ২০ মিনিটে তিনি হাসপাতাল থেকে বের হন এবং রাত ৯টার দিকে বাসায় পৌঁছান। বাসায় ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
এর আগে বুধবার (১ মে) রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সিসিইউতে রাখা হয়। আজ বিকালে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের বেশ কয়েকটি জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ড তার চিকিৎসার পরবর্তী কোর্স ঠিক করে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় ৩ দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।
এর আগে গত বছরের অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। এরপর সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারো বিদেশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে আইনে সে সুযোগ না থাকায় এ অনুমোদন দেয়নি সরকার। এ চেষ্টার মধ্যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি বিদেশ থেকে চিকিৎসক এনেও তার চিকিৎসা করানো হয়।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকার এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ তার গুলশানের বাসায় থাকা এবং দেশত্যাগ না করার শর্তে সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেয় তাকে। এরপর থেকে তাকে কারাগারের বাইরে রাখতে একাধিকবার তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
